সাহিত্য মানব মনের আয়না। কবিতা সাহিত্যের একটা শাখা। একটি কবিতা যত ছোটই হোক, তা একটি মহাবিশ্বের দরজা খুলে দিতে পারে। কবিতা হচ্ছে বুকের গভীরে জমে থাকা মুক্তোদানা। কবিরা তা কলম আর কালির মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেন।
একটি ভালো কবিতা মানব মনকে শুদ্ধতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। একটি কবিতার মাধ্যমে পাল্টে দেওয়া যায় একটি সমাজ, একটি বিশ্ব। প্রত্যেক কবি-লেখকদের নিকটই তাদের লেখা সাহিত্য সন্তানের মতো। কবিরা অতি যত্নে সেই সন্তানকে লালন-পালন করেন।
এরকম অসংখ্য পঙ্ক্তি দিয়ে সাজানো কবি মীর সেকান্দার আলী খোকা’র একক কাব্যগ্রন্থ ‘সময়ের রং’। এই গ্রন্থটিতে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ, কিছু অতীত, প্রেম-বঞ্চনা, সাধ, প্রতিবাদ, অন্যায়, সামাজিক কষ্ট ও মানব সমাজের সাথে ইতরপ্রাণীর সংমিশ্রণ এবং বাংলাদেশের ভবিষ্যৎ স্বাধীনতার কথা বলা হয়েছে। ভাটির সাথে উজানের আচরণ, অমানবিক স্বার্থপরতা, সময়ের রং এই কাব্যগ্রন্থে স্পষ্ট। মিশে আছে প্রেম নামের দুষ্ট ক্ষত যা সাধারণ মানব সমাজে অথবা বিশ্ব পরিসরে বড়োই বেমানান। এমন বৈষম্যের সর্বত্র অবসান ঘটুক। আশা করি কাব্যগ্রন্থটি পাঠকের কাছে ভালো লাগবে। কবির জন্য শুভকামনা রইল।