মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার অন্তর্ভুক্ত এক অপূর্ব গ্রাম ভেলাবাদ। সবুজ-শ্যামল গাছপালার সুশীতল ছায়ায় ঘেরা পরিবেশ, আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রাম যেন শিল্পীর তুলির আঁচড়ে আঁকা জীবন্ত এক ছবি। পূর্ব-পশ্চিম বিস্তৃত প্রধান সড়ক থেকে উত্তর-দক্ষিণে প্রায় তিন কিলোমিটার জুড়ে এ গ্রামের মনোরম বিস্তার।
ভেলাবাদের রাস্তার দু'পাশে দাঁড়িয়ে আছে সারি সারি দেবদারু, বাঁশঝাড়, হিজল, চামরুল, লিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার মতো রঙিন কিছু গাছ। পাকা, আধাপাকা ঘরবাড়ি আর গাছপালার ছায়ায় আবৃত গ্রামটির সৌন্দর্য প্রকৃতির এক অপরূপ ও অনন্য নিদর্শন। গ্রামটি যেন পাখিদের অভয়ারণ্য। সকাল-বিকাল পাখিদের কিচিরমিচির শব্দ ভেলাবাদের পরিবেশকে আরও চিরসজীব ও মুখরিত করে তোলে।
এখানে রয়েছে গ্রামের মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্র। মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্রাথমিক বিদ্যালয়, বাজার আর খেলার মাঠ এই গ্রামের প্রাণ। বিকেলের ধূসর আলো যখন রঙিন হয়ে মাঠে নামে, তখন ছোট ছোট ছেলে-মেয়েদের খেলাধুলার কোলাহলে গ্রামটি যেন জীবন্ত হয়ে ওঠে।
ভেলাবাদ গ্রামের চারপাশে বিস্তৃত সবুজ ফসলের মাঠ। পাশেই পদ্মা নদী আর নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা শতবর্ষী বটগাছটি যেন গ্রামের ঐতিহ্যের এক নীরব প্রতীক। সবকিছু মিলিয়ে চিরসবুজ আর প্রাণবন্ত এই গ্রাম প্রকৃতির এক অসাধারণ কীর্তি।
এই মনোমুগ্ধকর, নয়নাভিরাম, প্রকৃতির রঙে রাঙানো সবুজ-শ্যামল ভেলাবাদ গ্রামেই নীল আর আকাশদের বাড়ি।
আকাশ দেখতে লম্বা, গড়ন শৈল্পিক কারুকাজে সুষমা ভরা। ত্বকের রঙ উজ্জ্বল শ্যামলা, চোখ দুটি কালো ও গভীর— যেন দৃষ্টি ছুঁয়ে যায় হৃদয়ের ভেতর। ঘন কালো চুল হালকা বাতাসে উড়ে গিয়ে মুখে এনে দেয় এক তরতাজা দীপ্তি। ঠোঁটের কোণে সবসময় লেগে থাকে ভদ্র ও আত্মবিশ্বাসী হাসি, যা এক মুহূর্তেই যে কাউকে আপন করে নিতে পারে। তার হাঁটার ভঙ্গিমায় আছে দৃঢ়তা, আর কথা বলার কোমলতা— যেন প্রতিটি শব্দে শোনা যায় আন্তরিকতার সুর। সে কথা বলে নরম সুরে, যেন কবিতার লাইন গুনগুনিয়ে উচ্চারণ করছে।
অন্যদিকে আকাশের তুলনায় নীল কিছুটা খাটো, গায়ের রঙ ফর্সা, চোখে সবসময় এক রহস্যময় ঝিলিক। চুল ঘন ও কালো, তবে একটু এলোমেলোভাবেই থাকে। তার হাসি কখনও মিষ্টি, আবার কখনও এমন এক ব্যঙ্গাত্মক আভাস দেয়— যা সহজে বোঝা যায় না। আড্ডায় প্রাণবন্ত, ঠোঁটের কোণে মাঝে মাঝে শোনা যায় গুনগুন শব্দ, আর মুহূর্তে চারপাশ সরগরম করে তুলতে পারে। কিন্তু তার চোখের গভীরে মাঝেমধ্যে এক অদৃশ্য ছায়া ভেসে ওঠে, যা সহজে কেউ ধরতে পারে না।