ছোটবেলায় মা-বাবার মুখে কত না গল্প শুনেছি। সেসব গল্পের ঝুলিতে যেমন রাজা-বাদশাহ, রানী-দাসীদের গল্প ছিল, তেমনি ছিল সংসার জীবনের সুখ-দুঃখের বাস্তব আখ্যান। তখন থেকেই গল্পের প্রতি একটা টান অনুভব করি। বিশ্ববিদ্যালয় জীবনে এসে সাহিত্য নিয়ে পড়ার সুবাদে গল্প পড়ার দ্বার অবারিত হয়। স্কুল জীবনের দেয়াল পত্রিকা থেকে শুরু করে পরবর্তী সময়ে বিভিন্ন সাহিত্য পত্রিকায়ও গল্প লিখতে শুরু করি।
ধীরে ধীরে ছোটগল্প আমাকে মোহাবিষ্ট করে। তারই ফলশ্রুতিতে গ্রন্থিত হয় 'বিয়েবাড়ির সন্ধানে'। মোট ১৯টি গল্প নিয়ে আমার এই ছোটগল্প গ্রন্থটি সাজানো হয়েছে। এসব গল্পে প্রেম-ভালোবাসা, আশা-বাসনা ও আক্ষেপের পাশাপাশি রয়েছে মুক্তিযুদ্ধের সময়ের বাস্তব কাহিনী। এমনকি এখানে ৫আগস্টের উত্তাল বিপ্লবের প্রতিচ্ছবিও ফুটে উঠেছে।
আমার এই গল্পগুলো পড়ে প্রেমিক তার প্রেমিকাকে খুঁজে পাবেন, বন্ধু খুঁজে পাবেন তার হারানো বন্ধুকে। প্রতিটি সংসারী মানুষ এই গল্পের ভেতর সংসার জীবনের কঠিন ও কোমল বাস্তবতাকে অনুভব করতে পারবেন। বর্তমান সাহিত্যাঙ্গনে ছোটগল্পের ভাষা ও আঙ্গিক অনেকটাই পরিবর্তিত হয়েছে। শুধুমাত্র ফুরফুরে ভালোবাসার রগরগে বর্ণনাই নয়, সাধারণ মানুষের বাস্তব জীবনের কাহিনীই এখন সাহিত্যের প্রধান উপজীব্য হয়ে উঠেছে। সেই সময়ের আবহেই আমার এই বিনম্র প্রয়াস। আশা করি পাঠক এতে তৃপ্ত হবেন এবং আমার পরবর্তী কাজের জন্য উৎসাহ যোগাবেন।
আমার এই গ্রন্থ প্রকাশের দায়িত্ব গ্রহণ করে “ইচ্ছে স্বপ্ন প্রকাশনীর” আব্দুল্লাহ আল তানিম আমার প্রতি প্রীতির পরিচয় দিয়েছেন। আমি তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।