৪১ বছর বয়সে, আমি নিজেকে ৮০০,০০০ ডলারের ঋণে, বেকার অবস্থায় আবিষ্কার করলাম এবং আমার স্বামীর রেস্টুরেন্ট ব্যবসা ভেঙে পড়তে দেখছিলাম। মনে হচ্ছিল আমরা জীবনে ব্যর্থ হয়েছি আর কখনোই এই ঋণ থেকে মুক্তি পাওয়ার কোনো আশা নেই।
আমি ঈর্ষাভরে দেখতাম আমার বন্ধুরা তাদের কর্মজীবনে একের পর এক সাফল্য পাচ্ছে, আর আমরা কষ্ট করতাম ঘরে বাজার আনতে। আমি সদ্য চাকরি হারিয়েছিলাম এবং জীবনে কী করব তা একদমই বুঝতে পারছিলাম না: আমি ইতিমধ্যেই চেষ্টা করেছিলাম নিউ ইয়র্ক শহরে লিগ্যাল এইড সোসাইটিতে পাবলিক ডিফেন্ডার হওয়ার, বোস্টনের একটি বড় আইন সংস্থায় আইনজীবী হওয়ার, কয়েকটি স্টার্ট-আপে কাজ করার, একটি বিজ্ঞাপন সংস্থায় ব্যবসা উন্নয়ন নিয়ে কাজ করার, একজন লাইফ কোচ হওয়ার, কল-ইন রেডিও শো আয়োজন করার, এমনকি একটি ছোট নিজের মৃৎশিল্প নিজে রং করো স্টুডিও খোলার। আমার মনে হচ্ছিল পুরোপুরি হেরে গেছি, মনে হচ্ছিল আমি যা-ই করি না কেন, আমরা যে গর্তে আছি তা থেকে টেনে তুলতে কখনোই যথেষ্ট হবে না।
উদ্বেগ আর আত্ম-সন্দেহ সামলাতে আমার প্রধান কৌশল হয়ে উঠেছিল এড়িয়ে যাওয়া। অ্যালার্মের 'স্নুজ' বাটন চেপে ঘুম থেকে ওঠা এড়িয়ে যেতাম । মদ খেয়ে কষ্ট এড়িয়ে যেতাম। স্বামীকে দোষারোপ করে দায়িত্ব এড়িয়ে যেতাম । চাকরি খোঁজা এড়িয়ে যেতাম, যেভাবে পারতাম সময় নষ্ট করে।
আপনি যদি কখনো এই পরিস্থিতিতে পরে থাকেন, তাহলে বুঝবেন সবচেয়ে সহজ কাজগুলোও কতটা বিশাল মনে হয়: বিছানা থেকে ওঠা, বিলের পাওনাপত্র খুলে দেখা, পরিবারের সঙ্গে পুরোপুরি উপস্থিত থাকা, ভালো খাবার রান্না করা, চাকরির জন্য আবেদন করা, হাঁটতে বের হওয়া, কোনো সাবস্ক্রিপশন বাতিল করা, কিংবা শুধু আপনি আসলে কতটা লড়াই করছেন তার ব্যাপারে সৎ হওয়া... সবকিছু অসম্ভব মনে হয়। প্রতিদিন সকালে যখম ঘুম থেকে উঠতাম, আমার শিরায় শিরায় উদ্বেগ বইতে থাকত, এবং আমি ভাবতাম, আমার বাকি জীবন কি আসলে এভাবেই কাটবে?
কিন্তু আটকে থাকার সবচেয়ে মজার ব্যাপারটা জানেন? আমি জানতাম আমার ঠিক কী কী করতে হবে: উঠে দাঁড়ানো, ভয়ংকর বিলের স্তূপটা সামাল দেয়া, বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত করা, নিজেকে জোর করে হাঁটতে বের করা, বন্ধুদের কাছে সমর্থন চাওয়া, বাজেট তৈরি করা, চাকরি খোঁজা। কিন্তু তবুও, আমি এগুলোর কোনোটা করতেই পারছিলাম না।