নাসিহা : পরিচিতি
ফিতনা, বিভ্রান্তি ও আত্মিক শূন্যতায় আচ্ছন্ন এই যুগে মানুষ একদিকে দুনিয়ার মোহে হারিয়ে যাচ্ছে, অন্যদিকে অনেকেই দ্বীনের পথে চলতে চাইলেও খুঁজে পাচ্ছে না একটি ভারসাম্যপূর্ণ, খালিস ও পূর্ণ পথ। কোথাও শুধু বাহ্যিক আমলের উপর জোর, কোথাও শুধু অনুভূতি ও আবেগ; অথচ আল্লাহর দ্বীন হলো—বিশুদ্ধ তাওহীদ, সুন্নাহ, তাযকিয়া, ইলম, আমল ও ইহসানের সমন্বিত এক পরিপূর্ণ জীবনব্যবস্থা।
“নাসিহা” সেই খালিস পূর্ণ দ্বীনের দিকেই এক আন্তরিক আহ্বান। এটি এমন এক গ্রন্থ, যা একজন মুমিনের অন্তরে আল্লাহর মুহাব্বাত, রাসূল ﷺ-এর সুন্নাহর প্রতি ভালোবাসা এবং আখিরাতের প্রতি গভীর সচেতনতা জাগিয়ে তোলার ক্ষুদ্র প্রয়াস। শরীয়াতের মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে ইহসানের মাকামে পৌঁছার পথকে সহজ, হৃদয়গ্রাহী ও বাস্তবধর্মী ভাষায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে এতে।
এই গ্রন্থে কুরআন, সহীহ সুন্নাহ, সালাফে সালেহীন ও হক্কানী উলামায়ে কিরামের ইলমী মেহনতের আলোকে ঈমান, ইবাদাত, যিকির, তাযকিয়া, ইলম, আখলাক, মুহাব্বাতু ফিল্লাহ, মুয়ামালাত ও একজন সালেকের অন্তরের সফরের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করা হয়েছে। একইসাথে এ বিষয়টিও স্পষ্ট করা হয়েছে যে, দীন শুধু মসজিদ বা মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জীবনের প্রতিটি হালাল ক্ষেত্রেই কুরআন ও সুন্নাহর আলোকে ইলম, আমল ও উৎকর্ষের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ রয়েছে।
“নাসিহা” কোনো দল, ব্যক্তি বা মতবাদকেন্দ্রিক বিতর্কের গ্রন্থ নয়; বরং এটি অন্তর জাগ্রত করার, গাফলত ভেঙে আল্লাহর দিকে ফিরে আসার, এবং বিশুদ্ধ তাওহীদ ও সুন্নাহর আলোকে পূর্ণ দ্বীনের পথে অগ্রসর হওয়ার এক আন্তরিক দাওয়াত।
এটি আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর মুহাব্বাত জাগানিয়া, হৃদয় স্পর্শকারী, দিকনির্দেশনামূলক এক গ্রন্থ—পূর্ণ দ্বীনের পথে চলার এক নুসখা।
আল্লাহ তা‘আলার নিকট দো‘আ, তিনি যেন এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন, একে নাফে‘ ইলমের অন্তর্ভুক্ত করেন এবং এর মাধ্যমে অসংখ্য অন্তরকে হিদায়াত, মুহাব্বাত ও আমলের নূরে আলোকিত করেন। আমীন।