কুরআন কারীম আল্লাহ তায়ালার শাশ্বত কালাম। দুনিয়ার কোনো বই-পুস্তকের সাথে এর তুলনা চলে না। শুধুমাত্র কুরআন তিলাওয়াতই একটি স্বতন্ত্র উত্তম ইবাদত। কুরআন তিলাওয়াতের মাধ্যমে ছওয়াব অর্জন হয়, হৃদয়ে প্রশান্তি আসে; কিন্তু ছওয়াবের জন্য অর্থ বোঝা জরুরি বা অর্থ না বুঝে কুরআন তিলাওয়াত করলে কি এর কোনো ফল আছে?—কুরআন তিলাওয়াতকে ঘিরে এমন কিছু সংশয় তৈরি করে কেউ কেউ সাধারণ ও সরল মুমিন-মুসলিমদের পেরেশান করে তুলছেন। যা সীমাহীন দুঃখজনক।
‘কুরআন তিলাওয়াত : ছওয়াবের জন্য কি অর্থ বোঝা জরুরি’ নামে সাবলীল ভাষা ও সহজ উপস্থাপনায় একটি গবেষণামূলক বই রচনা করেছেন শায়খ তাহমীদুল মাওলা (হাফিজাহুল্লাহ)। তিনি এই বইটিতে—কুরআনের শত্রু-মিত্র, কুরআন কারীম নিয়ে কিছু মারাত্মক বিভ্রান্তি, কুরআন বোঝার গুরুত্ব, এর স্বাদ ও কুরআন বোঝার সঠিক রূপরেখা নিয়ে আলাপ করেছেন। এরপর কুরআন তিলাওয়াতে ছওয়াবের জন্য অর্থ বোঝা জরুরি নয়—এই বিষয়ে নবীজি (সা.) এর সুন্নাহ, সাহাবায়ে কেরামের আমল, উম্মাহর বরেণ্য ফকীহ ও আলিমদের আমল এবং এই বিষয়ে প্রসিদ্ধ চার মাযহাব ও অন্যান্য ফকীহদের দৃষ্টিভঙ্গি কী ছিল—তা বিশদভাবে আলোচনার প্রয়াস পেয়েছেন। সমকালীন কিছু ভুল ফতোয়া উল্লেখ করে সঠিক ও নির্ভরযোগ্য দলিলের আলোকে সেগুলোর বস্তুনিষ্ঠ জবাব দিয়েছেন। সবশেষে দেখিয়েছেন, কেবল বাংলা কুরআনকেই যথেষ্ট মনে করলে হতে পারে কত ভয়ংকর বিপদ।
বইটির ভূমিকা লিখেছেন শায়খুল হাদীস হযরত মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জি (রহ.) ও মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকার আমীনুত তালীম (শিক্ষা সচিব) ও জাতীয় মসজিদ বাইতুল মোকাররামের খতীব হযরত মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক (হাফিজাহুল্লাহ)। বইটির পরিমার্জিত ও তৃতীয় সংস্করণ প্রকাশ করেছে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ।