সময় থেমে থাকে না। জীবনও না। কিন্তু এই গতিময়তার সঙ্গে সঙ্গে চক্রাকারে ইতিহাস তার নিজস্ব বার্তা রেখে যায়। সে ফিরে ফিরে তার সত্যোচ্চারণ করে। অমোঘ সত্যের পক্ষেই বারবার অবস্থান নেয়। শাসকের চাওয়া না চাওয়ায় সে পথের বা সে মতের অবস্থান কোনদিন থমকে থাকে না। বদলায়ও না। রাজনীতির গতি প্রকৃতি বরাবরই দৃঢ় অবস্থান গ্রহণ করে সবশেষে। হয়তো নানা বিভ্রান্তির মোড়ক প্রকৃত মতকে খাঁচায় বন্দি করে রাখে। কবির ভাষায় বলতে হয় এ অবস্থা চলতে থাকে তিষ্ঠ ক্ষণকাল। নানা উত্থান পতনের মধ্য দিয়ে অবস্থা বদলায়। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে তাই দেখা গেছে। একটি নির্দিষ্ট সময় অন্তর প্রকৃত ঘটনা তার স্বরূপ নিয়ে প্রকাশিত হয়েছে। আমজনতা বিভ্রান্তি কাটিয়ে সত্যের পক্ষেই অবস্থান নিয়েছে। নূরে আলম সিদ্দিকী। এই নামটি নিয়ে বাড়তি বলার কিছু নেই। যিনি স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের প্রতিটি বাঁক বদলের ঘটনাপ্রবাহের অন্তরে ছিলেন। হৃদয়ের গভীরে যিনি ছক কেটেছিলেন বাংলার মানুষের মুক্তি আন্দোলনের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন একাত্তরে বাংলার মানুষের মুক্তি আন্দোলনে। যার কণ্ঠনিসৃত বাণী বাংলার কৃষক শ্রমিক ছাত্র জনতার প্রেরণা ছিল বরাবরই। সেই তিনি চলমান সময় ও ঘটনাপ্রবাহ নিজ অভিজ্ঞতার আলোকে তুলে এনেছেন বুব্ধিবৃত্তির ফলায়। প্রায় দু ডজন লেখায় তিনি স্পষ্ট উচ্চারণে প্রতিভাত করেছেন চলমান সময়কে। লেখার শিরোনামগুলো আমাদের এক নজরে জানান দেয় তিনি কি বলতে চেয়েছেন। ‘সংবাদপত্র, সাংবাদিকতা ও আমাদের প্রত্যাশা’, ‘গণতন্ত্র নাই, গণতান্ত্রিক আন্দোলনও নাই’, ‘কে এই নিস্তব্ধতা ভঙ্গ করবে?’, ‘রাজনীতিতে সহিষ্ণুতার বড় অভাব’, ‘তারুণ্যই অপশক্তিকে পরাজিত করতে পারে’, ‘দুর্নীতি করোনা ভাইরাসের চেয়েও সর্বনাশা’ ‘শেখ মুজিব স্বাধীনতার প্রতিশব্দ’, ‘বিশ^মানবতা জাগ্রত হোক’, ‘নেতৃত্বে সৃজনশীলতা আনা জরুরি’। লেখাগুলো প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক মানবজমিন এবং দৈনিক বণিক বার্তায়। নিবন্ধগুলো প্রকাশের পরপরই নানা মহলে আলোচনা হয়েছে স্পষ্ট উক্তি হিসাবে। তারই ধারাবাহিকতায় এবারের বইমেলায় লেখাগুলো বই আকারে কারুবাক প্রকাশনী থেকে একমলাটে প্রকাশিত হলো।
নূরে আলম সিদ্দিকী একাধারে একজন ব্যাংকার, কলামিস্ট এবং চিন্তাশীল লেখক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) এবং অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস ও ইএলটি (ELT)-তে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগ থেকে এমবিএ এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ থেকে মিডিয়া ও জার্নালিজমে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
পেশাগত জীবনে একজন ব্যাংকার হলেও সমাজ ও সমকাল নিয়ে তাঁর ভাবনার পরিধি বিস্তৃত। তিনি নিয়মিতভাবে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোতে (যেমন: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, নিউ এজ, ডেইলি সান, ডেইলি অবজারভার, কালের কণ্ঠ এবং বণিক বার্তা) ভূ-রাজনীতি, সামাজিক ন্যায়বিচার, কল্যাণমুখী অর্থনীতি, ধর্মীয় দর্শন এবং আধুনিক চিন্তা নিয়ে কলাম লিখে আসছেন।
একজন প্রতিশ্রুতিশীল লেখক হিসেবে তিনি ইসলামিক সভ্যতা, নৈতিক সংস্কার এবং জীবনদর্শনের ওপর কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলামী সাময়িকী-‘মাসিক মদীনা’-তে তিনি বিগত প্রায় ১ যুগ ধরে নিয়মিত কলাম লেখে আসছেন। 'ইসলামের প্রকৃত মূল্যবোধ ও সমকালীন ভাবনা' গ্রন্থটি তাঁর দীর্ঘ ১ যুগ ধরে ‘মাসিক মদীনা’-তে প্রকাশিত নিবন্ধগুলোরই একটা সংকলনের ১ম খণ্ড। তাঁর নিজস্ব ওয়েবসাইট (nooresiddiqui.com) এবং 'গ্লোবাল ভিউ পাবলিকেশনস'-এর মাধ্যমে তিনি জ্ঞানভিত্তিক সমাজ গড়ার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।