প্রতিটি প্রাণের সঞ্চার ঘটে একটি মাত্র সৃষ্টির পরিকল্পনা থেকে— যার রচয়িতা স্বয়ং মহান সৃষ্টিকর্তা। তাঁরই অসীম কৃপায় গড়ে উঠেছে এই সুবিশাল বিশ্ব, সৃষ্টি হয়েছে অগণিত বিস্ময় ও উদ্ভাবন। সেই মহান সৃষ্টির ধারাবাহিকতায়, তাঁরই অনুগ্রহে, একটি ক্ষুদ্র প্রয়াস হিসেবে জন্ম নিয়েছে আমার এই গ্রন্থ— একটি রক্তাক্ত চিঠি।
আলহামদুলিল্লাহ, অসংখ্য বাধা-বিপত্তি ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ এই লেখাটি বইয়ের রূপ ধারণ করেছে। যিনি আমাকে কলম ধরার শক্তি দিয়েছেন, ভাবনার ভেতর আলো জ্বালিয়েছেন এবং শেষ পর্যন্ত এই কাজটি পূর্ণতা দান করার তাওফিক দিয়েছেন— সেই মহান সৃষ্টিকর্তার কাছে রইল আমার অশেষ কৃতজ্ঞতা।
এই গ্রন্থ রচনার পথটি ছিল মোটেও মসৃণ নয়। জীবনের ব্যস্ততা, দায়িত্ব ও বাস্তবতার চাপে বারবার থমকে গেছে লেখার গতি। বহুবার হতাশা গ্রাস করেছে, বহুবার পথচ্যুত হয়েছি। তবু নিজের সৃষ্ট একটি গল্প পাঠকের হাতে বই আকারে তুলে দেওয়ার স্বপ্ন আমাকে বারবার কলমে ফিরিয়ে এনেছে। আজ সেই দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবতার আলোয় দাঁড়িয়ে আছে— এ আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।
আমার কর্মক্ষেত্র আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের স্নেহভাজন ছাত্রছাত্রীরা নিয়মিতভাবে বই পড়ার আগ্রহ প্রকাশ করে এই লেখাটি সম্পন্ন করার জন্য আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। তাদের আন্তরিক আগ্রহ ও ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।
আমার সহকর্মীরাও নানাভাবে সাহস ও সমর্থন দিয়ে পাশে থেকেছেন— এমন একটি সৃজনশীল ও দায়িত্বপূর্ণ কাজে এগিয়ে যেতে তাঁদের উৎসাহ আমাকে শক্তি জুগিয়েছে। তাঁদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই বেস্টসেলার গ্রন্থ কাঠগোলাপ-এর লেখক ইমরান হোসাইন আদিব ভাইয়াকে। তাঁর দিকনির্দেশনা, উৎসাহ ও উদ্দীপনা এই লেখার পথে আমাকে সাহসী করেছে। ভাইয়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
একজন নতুন লেখক হিসেবে এই গ্রন্থ পাঠকের মনে কতটা প্রভাব ফেলতে পারবে— তা বলা সত্যিই দুঃসাধ্য। তবু আমি আশাবাদী, বইটি পাঠকের ভালো লাগবে এবং কিছুটা হলেও ভাবনার খোরাক জোগাবে।
প্রকাশনার সঙ্গে যুক্ত প্রকাশক ভাই মোঃ মেহেদি হাসান মুন্সী, যিনি আমার অগোছালো লেখাকে পরিমার্জিত ও প্রকাশযোগ্য রূপ দিয়েছেন— তাঁর প্রতি আমি চিরকৃতজ্ঞ।
মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। সুতরাং, গ্রন্থে যদি কোনো অনিচ্ছাকৃত ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হয়, অনুগ্রহ করে ফেসবুক ইনবক্সে অবহিত করবেন। ইনশাআল্লাহ, পরবর্তী সংস্করণে তা সংশোধনের সর্বোচ্চ চেষ্টা করা হবে।
পাশাপাশি, বইটি পাঠ করে আপনাদের অনুভূতি, মতামত এবং আমার লেখালেখিকে আরও কীভাবে পরিপক্ব ও শক্তিশালী করা যায়— সে বিষয়ে গঠনমূলক পরামর্শ প্রদান করবেন বলে আমি আশাবাদী।
— সোলাইমান হোসাইন সালমান